নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে এর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নওগাঁ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।