বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ

রাজশাহীতে বিচারকের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক দুটি ধারায় তাকে ১০ বছর করে কারাদণ্ড ও মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামি লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পরে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় ‘বিচারকের ভাই’ পরিচয়ে প্রবেশ করেন লিমন। বাসায় তখন ছিলেন তাওসিফ ও তার মা তাসমিন নাহার। একপর্যায়ে তাদের দুজনকে ছুরিকাঘাত করেন তিনি। পরে তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন। পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাওসিফের বাবা আবদুর রহমান তখন রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি আদালতে ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরের এটেস্ট্রেট পাড়ায়। একই জেলার বাসিন্দা হওয়ায় তার সঙ্গে লিমনের পরিচয় ছিল। লিমন প্রায়ই তার কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ করে দিলে তাসমিন ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। 

ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর তাসমিনের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করেও পরিবারসহ হত্যার হুমকি দেন লিমন। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাসমিন। পরে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনকে আটক করে আদালতে পাঠানো হলেও জামিনে মুক্ত হয়ে তিনি রাজশাহীতে এসে হত্যাকাণ্ড ঘটান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেন। বিচারক আবদুর রহমান ও তার স্ত্রী তাসমিন নাহারসহ আদালতে ২৯ জন সাক্ষ্য দেন। গত ৯ ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। আসামির মানসিক সুস্থতা যাচাইয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হলে তিনি সম্পূর্ণ সুস্থ বলে প্রতিবেদন পাওয়া যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে হত্যা ও তার মাকে আহত করার দায়ে আদালত এ রায় দিয়েছেন। এক বছরের মধ্যে মামলার বিচারকাজ শেষ হওয়ায় আমরা সন্তুষ্ট।’

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।