জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদি হয়ে স্থানীয় দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রাতে এজাহার পাওয়ার পর আমরা মামলা নিয়েছি। মামলাটি সেনসিটিভ মামলা। কোর্টে না যাওয়া পর্যন্ত আমরা এর কোনও তথ্য দিতে পারবো না। তবে মামলা হয়েছে এটুকু নিশ্চিত।
মামলায় কারা আসামি হয়েছে প্রসঙ্গে ওসি বলেন, ‘এটি বাদির কাছ থেকে নিলে খুব ভালো হয়।’
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে দাবি করে এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন এই সংসদ সদস্য। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। বাড়িটিতে কেয়ারটেকার পরিবার বসবাস করত। সেখানে ছিল গবাদিপশুর খামারও। নুসরাতের দাদার তৈরি এই বাড়িতেই তার শৈশব কেটেছে। বাড়িটির পাশেই তাদের তিনতলা একটি ভবন রয়েছে। করোনাকাল থেকে পরিবারের সদস্যরা ওই ভবনেই বসবাস করছেন।
বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বাড়িটিতে পুলিশি পাহারা বসানো হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। পরে বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন তিনি।