রোগে নয়, হাসপাতালের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় এই দুর্ঘটনা ঘটে।

শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সুলাইমান হোসেনের স্ত্রী।

জানা গেছে, গত ১২ অক্টোবর মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি হন শিরিন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। যার ফলে তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন।

নিহতের স্বামী সুলাইমান হোসেন জানান, শনিবার রাতে স্ত্রীকে ওয়ার্ডে রেখে তিনি নামাজ পড়তে যান। এই সময়ে হাসপাতালের ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিক অনুসন্ধানে এটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।