রাবিতে ভর্তি আবেদন শুরু আজ, আবেদনে লাগবে যে যোগ্যতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তিনটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩.৫০ পেতে হবে। এ ছাড়া শাখাভেদে দুই পরীক্ষার জিপিএর সম্মিলিত শর্তও পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় পরীক্ষার্থীকে পছন্দের অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করার পর তা পরিবর্তনের সুযোগ থাকবে না।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচি অনুযায়ী, ইউনিট ‘বি’ (বাণিজ্য) এর পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি এবং ইউনিট ‘এ’ (মানবিক) এর পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। তবে ইউনিট ‘বি’র দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক্‌), কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। তবে অন্যান্য সমমানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক্‌) ডিগ্রিধারীদের আবেদনের সময় নম্বরপত্র আপলোড করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তাঁদের জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারণ করা হবে।

শাখাভিত্তিক জিপিএর শর্তগুলো হলো-

মানবিক শাখা: এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

বাণিজ্য শাখা: উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সম্মিলিতভাবে কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

বিজ্ঞান শাখা: উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি এবং এ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। এ সুবিধা নিতে আবেদন করার সময় অনলাইনে নির্ধারিত অপশন পূরণ করতে হবে।

আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, এইচএসসি বা সমমান পরীক্ষায় তিনি যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষা বোর্ডের পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন।

প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নে একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাদের কোটার আবেদন গ্রহণ করা হবে না।

ইউনিটভিত্তিক অনুষদ ও বিভাগ

ইউনিট ‘এ’ (মানবিক): এ ইউনিটের অধীনে রয়েছে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

ইউনিট ‘বি’ (বাণিজ্য): বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এ ইউনিটের অন্তর্ভুক্ত। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) রয়েছে এই ইউনিটে।

ইউনিট ‘সি’ (বিজ্ঞান): বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো এ ইউনিটের অধীনে রয়েছে।