পুলিশ দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে নারীর কাছে মিললো ইয়াবা-চাকু

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্মৃতি ইসলাম রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে ঝুরঝুরি বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলামকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি থামার পরিবর্তে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ওসি ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।