ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের

সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন কৃষক, অন্যজন দলিল লেখক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে।