নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ শক্ত অবস্থান নেওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে সেই টাকা ফেরত দিয়েছেন বাবুল হোসেন ও তার অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, মঙ্গলবার জোনাইল পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী, রফিকুল ইসলামসহ অন্যান্যের উপস্থিতিতে বিষয়টি নিয়ে মীমাংসা হয়। সেখানে তিন লাখ ৭৫ হাজার টাকা আমাকে ফেরত দেন তারা।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা এ বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ায় আমি আমার টাকা ফেরত পেয়েছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ও বড়াইগ্রাম ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তার অবসান হলো।
প্রসঙ্গত, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সূতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সূতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। প্রশাসন কর্তৃক সূতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করার ঘটনায় ছাত্রদল নেতা বাবুল হোসেন দায়ী করেন আব্দুল কাদেরকে।
ছাত্রদল নেতা বাবুলের ধারণা, আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন। এ অভিযোগ তুলে ছাত্রদল নেতা ও তার লোকজন আব্দুল কাদেরকে আটক করে ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত ৩ লাখ ৭৫ হাজার টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ সময় আরও এক লাখ ২৫ হাজার টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।
এ ঘটনার পর শুক্রবার রাতে আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য ১৭ জনের নামে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্য সচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫) ।
আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমার জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে জায়গা জমি আছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সারাদিন চামটা বিলে সূতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এ দিন দুপুরে চামটা বিলের জমি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশ থেকে আমাকে তুলে চামটা বিলে নিয়ে যান বাবুল হোসেন ও তার লোকজন।
তিনি আরও বলেন, এক পর্যায়ে আমার কাছে ১২ লাখ ক্ষতিপূরণ দাবি করেন তারা। দিতে অস্বীকার জানালে মারধর করেন। পরে আমাকে ৪ থেকে ৫ ঘণ্টা আটকিয়ে রাখলে কমপক্ষে ৫ লাখ টাকা নগদ পরিশোধের জন্য চাপ দেয়। বাধ্য হয়ে আমি বাড়ি থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আনিয়ে তাদেরকে দেই। তারা আরও এক লাখ ২৫ হাজার টাকার জন্য আমাকে অঙ্গীকার করায়। সে সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী আমার হাত থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে বা থানায় অভিযোগ করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, একটি শান্তিপূর্ণ সমাধান হওয়ায় ভুক্তভোগী অভিযোগ তুলে নিতে রাজি হয়েছেন। তবে ভবিষ্যতে এরকম চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ কঠোর ভূমিকা রাখবে।