পুড়িয়ে দিয়েছে বিআরটিসির দুই বাস, রেললাইনে আগুন

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসির টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি বাসই পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহ্ মখদুম থানার ওসি আকবর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আকবর আলী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এদিকে রাজশাহীর চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্বাভাবিক হয়।

জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি সংশ্লিষ্ট স্থানে আটকা পড়ে।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রেললাইনে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহমদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকের লাইনে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।