নওগাঁর সাপাহার উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর স্ত্রীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২২ নভেম্বর) ভোরে স্ত্রী আফরোজা বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এর দুই দিন আগে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়।
তারা হলেন- উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোলায়মান আলী (৬৮) ও তার স্ত্রী আফরোজা বেগম (৬০)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের চুলায় গ্যাস লাইট জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং দগ্ধ হন। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে স্বামী সোলায়মান ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।
ওই রাতেই দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকাল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। সেদিনই তার মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোলায়মানকে দাফন করার পর বাড়িতে থাকা অবস্থায় আজ ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করেনি পরিবার। রবিবার সকালে সোনাডাঙ্গা গ্রামে স্বামীর কবরের পাশেই স্ত্রীকে দাফন করা হয়।’