‘সিট দখল’ নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি সিটের দখল নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকপন্থী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিরোধের জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে সাধারণ সম্পাদকপন্থী নেতা তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারীদের অভিযোগ, হলের গেস্টরুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তারা দুজনই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির অনুসারী দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। নিজেদের দায় আড়াল করতেই তারা তার অনুসারীদের ওপর দোষ চাপাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তারা সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসছেন। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।