ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ছাত্রলীগ নেতা। পরে সেখান থেকে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তারা হলেন— ছাত্রলীগ নেতা শামীম ও রাব্বি। তবে তারা ছাত্রলীগের কী পদে আছে তা জানাতে পারেনি পুলিশ। 

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় দুই জনকে থানায় আটক রাখা হয়েছে।