কলেজ পরিদর্শনে গেলেন মন্ত্রী, ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের জবাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রীকে দেখতে পান মন্ত্রী। এ সময় উপস্থিত নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান তিনি।

মন্ত্রী প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষক জানান, কলেজটিতে মোট ১৫ ছাত্রী রয়েছে।

মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’

এ সময় আরেক শিক্ষক জানান, শিক্ষার্থীরা এখনও শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন।

পরে মন্ত্রী জানতে চান, ‘ক্লাস কখন শুরু হয়?’ জবাবে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে। 
একপর্যায়ে ওই শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।’ শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।