স্কুলের প্রধান ফটকে ককটেলসদৃশ বস্তু, উল্লাপাড়ায় আতঙ্ক

মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের তালার সঙ্গে ককটেলসদৃশ একটি বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বস্তুটি দেখতে পান। এ ঘটনায় বিদ্যালয়-সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন বলেন, রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালার সঙ্গে বস্তুটি বেঁধে রেখে যায়। সকালে নিরাপত্তাকর্মী সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু বাঁধা অবস্থায় দেখতে পান তারা। এটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং ভয়ে কাছে যাননি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা বস্তুটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। তবে সেটি আসলেই ককটেল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।