রাবি শিক্ষক হত্যায় ইমামসহ দুইজন আটক

অধ্যাপক রেজাউল করিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে রেজাউল করিমের গ্রাম দরগামাড়িয়ার মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
আটককৃতরা হলেন, দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। এদের মধ্যে রায়হানের বাড়ি উপজেলার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি খাজাপাড়া গ্রামে।
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রফেসর রেজাউল কমির সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। তিনি গানের স্কুল প্রতিষ্ঠাতে বিরোধীতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে নিয়ে আসা হয়েছে। আর সন্দেহজনভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রাম খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে। এ নিয়ে শিক্ষক হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো বলে জানান তিনি।
গত শনিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে।

আরও পড়ুন- 
জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল কায়েদার

সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি


/এফএস/