লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দিনব্যাপী রেকর্ড পরিমাণ ঝুট কাপড় (১৪০০ মেট্রিক টন) ভারতে রফতানি হয়েছে। এসব পণ্য থেকে আসা রফতানি আয়ের পরিমাণ ১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা প্রায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, প্রতি মেট্রিক টন ঝুট কাপড়ের বিপরীতে ২৩৫ ইউএস ডলার ট্রারিফ ভ্যালু ধরা হয়। একইভাবে আরও দুই ব্যবসায়ীর ২০ ট্রাক ঝুট কাপড় রফতানি হয়। বাংলাদেশি ১০৪টি ট্রাক ১ হাজার ৪০ মেট্রিক টন ঝুট কাপড় রফতানি করে একদিনে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৪৪ হাজার ৪০০ ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ২শ’ টাকা।
আরও পড়ুন:
সিএন্ডএফ অ্যাজেন্ট মেসার্স বন্ধু ট্রেডার্সের স্বত্তাধিকারী ও তাসনিন এন্টারপ্রাইজের প্রতিনিধি শামীম হোসেন বলেন, দেশীয় পণ্য রফতানিকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশীয় পণ্য রফতানি করতে প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশে বাজার খুঁজে আমরা রফতানি কার্যক্রম পরিচালনা করছি।
এতে পণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অভ্যন্তরে ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে বলেও মনে করেন শামীম।
এ ব্যাপারে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে নিকট অতীতে একদিনে এতো বেশি পণ্য রফতানি বাণিজ্য হয়নি। এটি দেশের জন্য ইতিবাচক।
একই দিনে ভারত ও ভুটান থেকে ২৪১ ট্রাক পণ্য আমদানি হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।
/বিটি/এইচকে/