নীলফামারী সদরকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী

নীলফামারীনীলফামারী সদর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে, যৌতুক, মাদকমুক্ত ঘোষণা করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৯ মে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী বলেন, মাদকের ছোবল সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে দূর করা যায়। ‘বাল্যবিয়েকে না বলি, মানসম্মত শিক্ষায় জীবন গড়ি’, এই স্লোগানকে সামনে রেখে, সদরের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক, মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে উপজেলা প্রশাসন। এনজিও, সুশীল সমাজ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, কাজী, ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধাসহ সমাজের সব মানুষকে সম্পৃক্ত করা হয়েছে এই সামাজিক আন্দোলনে। এছাড়াও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়েও সভা-সেমিনার, সংলাপ, স্কুলভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম নীলফামারী সদরের লক্ষীচাপ ও পলাশবাড়ী ইউনিয়কে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়। এরপর ২০১৬ সালে উপজেলার আরও ১৩টি ইউনিয়নকে পর্যায়ক্রমে বাল্যবিয়ে, যৌতুক, মাদকমুক্ত ঘোষণা করা হয়। এরই ফলশ্রুতিতে আগামী ২৯ মে নীলফামারী সদরের পৌরসভাসহ ১৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এই ঘোষণা উপলক্ষে নীলফামারী জেলা শহরের বড় মাঠে অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজ চলছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন:

ইউপি নির্বাচন: পূর্বধলার একশ কেন্দ্রের ৯১টি ঝুঁকিপূর্ণ 

/এমও/আপ-বিটি/