সাঘাটায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

সাঘাটার ৯নং কামালেরপাড়া ইউপির বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতলুবর রহমান রেজাগাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতলুবর রহমান রেজা নির্বাচন বর্জন করেছেন।
কামালেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে বারকোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা বলেন, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, প্রভাব বিস্তার করে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এসব প্রতিরোধে কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমি ভোট বর্জন করেছি।
বারকোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজার ভোট বর্জনের কোনও লিখিত অভিযোগ তিনি পাননি।

আরও পড়ুন:
গোবিন্দগঞ্জে ব্যালট ছিনতাই, এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু

/বিটি/