বোচাগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুরদিনাজপুরের বোচাগঞ্জে রফিকুল ইসলাম রিয়াদ (১৭) নামে এক যুবকের গলাকাটা  লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বোচাগঞ্জ উপজেলার ৬নং রওগাঁও ইউনিয়নের হাজীপাড়ার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত রিয়াদ ওই গ্রামের আব্দুল বাকীর ছেলে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার  রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে এলাকার লোকজন রিয়াদের লাশ বাড়ির পার্শ্ববর্তী মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  
রনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ নিহত হয়েছে।

ওসি  হাবিবুল হক জানান, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ঝিনাইদহে পুরোহিত হত্যার ঘটনায় মামলা 

/এআর/