ইমরান এইচ সরকারের ভাই হত্যার মামলায় আটক ৪

ডা. ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাতাউরকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছে পুলিশ। রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেম (৫৫) আনোয়ার হোসেন (৩০), মাইদুল ইসলাম (২৫) ও আব্দুল মান্নান (৩৫) নামে চার ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে দাতাউর গত ২ এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন। পরে রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী ব্যাপারী পাড়ার জিঞ্জিরাম নদীর উপর বাঁশ ঝাড়ে লাশটি ঝুলিয়ে রাখে। এসময় লাশে গায়ে পোড়া মবিল মাখানো ছিল যাতে কেউ চিনতে না পারে। রৌমারী থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা আব্দুস সালাম।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে বাবা ও ছেলেসহ সন্দেহভাজন চারজনকে আটক করে।

মরহুম দাতাউর রহমান গণজাগরণ মঞ্চে র মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই। মামাত ভাইয়ের মেয়ের সঙ্গে প্রেমঘটিত ঘটনার জের ধরে দাতাউরকে হত্যা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এই ব্যাপারে রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম জানান, আলোচিত দাতাউর হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের আটক করা হয়েছে। তবে তারা প্রকৃত খুনি কিনা তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে দেখা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে ও‌সি এই প্র‌তিবেদককে জানান, ময়নাতদন্তের প্র‌তিবেদনে নিহত দাতাউরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। খুব শিগরিগই প্রকৃত ঘটনা উম্মোচিত হবে।

/জেবি/এইচকে/

আরও পড়ুন: ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!