পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপররের মধ্যে মিষ্টি বিনিময় করেছে। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ভরত সিং একে অপরের মাঝে মিষ্টি বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান।
বিজিবি, দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরাম ৭৫ ও ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের কাছে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দেওয়া হয়।
অপরদিকে বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডারের কাছে মিষ্টি উপহার দেয়।
এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সহকারী কমান্ডার মনোজ কুমার, বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার হারুন, আলমগীর হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ভারত সিং জানান, প্রতিবছর ঈদ ও দিওয়ালিসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি বিনিময় করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করেছি ও ঈদের শুভেচ্ছা জানিয়েছি। দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করছি।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময়কে আমরা খুব সুনজরে দেখছি। এর আগেও আমাদের সুসম্পর্ক ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
আরও পড়ুন: শোলাকিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ৪, আহত ১২
/এআর/