প্রধানমন্ত্রীর এই মুহূর্তে বিদায় নেওয়া উচিত: রিজভী


রুহুল কবির রিজভীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে বিদায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও কিছুই করতে পারছেন না। তিনি সম্পূর্ণ ব্যর্থ। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রের সব শক্তিকে চ্যালেঞ্জ করে যে উগ্রবাদ দেশের আনাচে-কানাচে আজ মাথাচাড়া দিয়েছে তা রুখতে পারছে না সরকার। এই ব্যর্থতার কারণে তিনি বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রকৃত সত্য যাতে বের হয়ে না আসে সেজন্য গ্রেফতারকৃত জঙ্গিদের গ্রেফতার করে ‘বন্দুকযুদ্ধ’ নামে হত্যা করা হচ্ছে। এই সরকারের এমন কিছু গোপন বিষয় আছে যা তারা জনগণকে জানতে দিতে রাজি নয়। এই উগ্রবাদী শক্তি এবং এদের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক আছে কিনা মানুষের মনে এখন এরকম সন্দেহ দেখা দিয়েছে।
সবশেষে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সমন্বিত প্রচেষ্টায় জঙ্গিবাদ দমন করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, সাবেক এমপি ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক পৌর মেয়র নুর ইসলাম নুরু ও বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

আরও পড়ুন: ‘খাওয়া হয় না ঠিকমতো, আমাগির আবার ঈদ’

/এআর/এএইচ/