কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র

কুড়িগ্রামের নদ-নদীতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে এখনও বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এখনও পানিবন্দি রয়েছেন হাজারও পরিবার।Kurigram-Flood-photo-07.07

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে আগের চেয়ে ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে এখনও তা বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানিও সামান্য হ্রাস পেয়েছে।

এদিকে, বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়ায় এখনও পানিবন্দি জেলা সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ১৯টি ইউনিয়নের নদী তীরবর্তী শতাধিক গ্রাম। এসব এলাকার মানুষজন কলা গাছের ভেলা, নৌকা, ঘরের মাচাসহ উঁচু সড়ক ও বাঁধে গবাদি পশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটেও ভুগছে হাজারও পরিবার। এসব এলাকায় এখনও সরকারি-বেসরকারি কোনও ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা কবলিতদের জন্য ৫০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই তা বিতরণ করা হবে।

আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

/এমও/আপ-এআর/