করতোয়া ও মহানন্দায় বাড়ছে পানি : এখনও সাহায্য পায়নি দুর্গতরা

PANCHAGARH-TETULIA FLOOD PIC-01

প্রবল বর্ষণ ও ভারত থেকে আসা অতিরিক্ত পানিতে করতোয়া ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তেতুলিয়া উপজেলার ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এসব এলাকায় খাবার ও পানি’র সঙ্কট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন সহায়তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনও সাহায্য মিলেনি বলে অভিযোগ দুর্গত পরিবারগুলোর।

তেতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গত ৭দিন ধরে বর্ষণ এবং ভারতের বিভিন্ন ব্যারাজ খুলে দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় করতোয়া ও মহানন্দা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে গেছে। এর ফলে তেতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, তেতুলিয়া ও তীরনহাট ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আমরা পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে প্রায় ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে চাল ও টাকা বরাদ্দ করা হলে সেগুলোও বিতরণ করা হবে।

দেবনগর ইউনিয়নের আঠারোখারী গ্রামের ফরিদা আক্তার,রোকেয়া বেগম জানান, দু’দিন ধরে পানি বেড়ে যাওয়ায় রান্না বান্না হচ্ছে না। খাওয়ার নাই অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে।

তেতুলিয়া উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, করতোয়ার পানি বেড়ে যাওয়ায় আঠারোখারী এলাকার ১২৬টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় স্কুল কলেজে গিয়ে আশ্রয় নিয়েছে। খাদ্য সঙ্কটে পড়েছে পানিবন্দি মানুষ। 

/জেবি/

আরও পড়তে পারেন : মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে