৬ মাসের প্রশিক্ষণ শেষে আরও ১ হাজার ১৫৮ জন নারী কনস্টেবল বাংলাদেশ পুলিশ বাহিনীতে অন্তভুক্ত হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার) তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এর পরই তাদের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা যোগ দিচ্ছে। প্রায় সাত হাজার নারী পুলিশ কনস্টেবল পুলিশ বাহিনীর বিভিন্ন স্থানে কর্মরত আছে। রবিবার দুপুরে রংপুর নগরীর আর কে রোড এলাকায় অবস্থিত দেশের এক মাত্র নারী পুলিশ কনস্টবলদের ট্রেনিং সেন্টার কমানডেন্ট এডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুখ বাংলা ট্রিবিউনকে একথা জানান।
তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ১৬তম নারী ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হবে। পুলিশ সদর দফতরের ডিআইজি মিলি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সালাম গ্রহণ করবেন। সেই সঙ্গে প্রশিক্ষণ চলাকালে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষার্থীকে পদক দেওয়া হবে।
পুলিশ কমানডেন্ট শেখ ওমর ফারুখ আরও জানান, সারাদেশ থেকে প্রাথমিকভাবে নিয়োগ পাওয়া এক হাজার ১৫৮ জন নারী পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের ২ ফ্রেরুয়ারি থেকে।
এক প্রশ্নের উত্তরে পুলিশের এক কর্মকর্তা জানান, এবার কোটা অনুযায়ী দেড় হাজার নারী পুলিশ কনস্টেবল নেওয়ার কথা থাকলেও মুক্তিযোদ্ধা কোটায় কোনও প্রার্থী না পাওয়ায় নেওয়া সম্ভব হয়নি।
/জেবি/
আরও পড়তে হবে: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা