জলঢাকায় বজ্রপাতের আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া পাঁচ ঘরের একটিবজ্রপাতের ভয়াবহ আগুনে নীলফামারীর জলঢাকায় একটি পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটে পৌরশহরের উত্তর কাজিরহাট আজগার মাষ্টারপাড়া এলাকায়। বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্য স্বীকার করেন জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিমলিডার মমতাজুল ইসলাম।
এ ঘটনায় ওই পরিবারের আঞ্জুয়ারা বেগম (৩২) ও পারুল আকতার (২৮) নামের  দুই গৃহবধূ আহত হয়। জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।  
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮টায় মুষলধারে বৃষ্টি শুরু হলে তার কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাতে আমিনুর রহমানের বাড়ীর টিনের ছাদে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের ঘরগুলোয়। এতে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তদের পরিবারসহ স্থানীয়রাক্ষতিগ্রস্ত আমিনুর রহমানের ছেলে অহিদুল ইসলাম জানায়, বজ্রপাতের কারণে আমাদের বাড়ির ৫টি ঘর, আসবাবপত্র, নগদ ৬০ হাজার টাকা ২০ মন ধানসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে।
জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিমলিডার বলেন, বজ্রপাতের আগুনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে বজ্রপাতে শৌলমারী ইউনিয়নে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
/এইচকে/

পড়ুন: রংপুরে খাদেম হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান