লালমনিরহাটে প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি


লালমনিরহাটদৈনিক সংগ্রাম ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধিকে লালমনিরহাট প্রেসক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) স্বাক্ষরিত অব্যাহতিপত্রের আলোকে আজ থেকেই তা কার্যকর করা হয়েছে।
লালমনিরহাট প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আজ  প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষরিত করেন। ওই চিঠিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রেসক্লাবকে এগিয়ে নিতে। তাই মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মালিকানায় প্রকাশিত দৈনিক নয়াদিগন্তের লালমনিরহাট প্রতিনিধি ও জামায়াতকর্মী ইকবাল হোসেন এবং জামায়াতের মুখপাত্র দৈনিক সংগ্রাম লালমনিরহাট প্রতিনিধি ও জামায়াতকর্মী লাভলু শেখকে প্রেসক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতির আদর্শ লালনের অংশ হিসেবে লালমনিরহাট প্রেসক্লাব থেকে সংগ্রাম ও নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধিকে আজ  থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জামায়াত মদদপুষ্ট ও মতাদর্শের পত্রিকার সাংবাদিককে প্রেসক্লাবে অবাঞ্ছিত করা হয়েছে।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান লালমনিরহাট প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে স্বীকার করে না বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই। লালমনিরহাট প্রেসক্লাবের যুগান্তকারী সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি এবং তাদের সিদ্ধান্তের প্রতি আওয়ামী লীগের সমর্থন রয়েছে।  আশা করি এটি দেশে নজির স্থাপন করবে।’

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন(অব.) আজিজুল হক বীর প্রতীক বলেন, ‘সিদ্ধান্ত কার্যকর করায় লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন। এছাড়া সারাদেশে সামাজিকভাবে অন্যদেরও বয়কট করার জন্য আমরা আহবান জানাই।’

এ ব্যাপারে দৈনিক সংগ্রামের লালমনিরহাট প্রতিনিধি লাভলু শেখ ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

/এআর/