যাত্রী ও পশুবাহী গাড়িতে চাঁদা চাইলে ব্যবস্থা

চাঁদাবাজিপবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুর মহাসড়কে যানবাহন ও পশুবাহী গাড়িতে পুলিশ কিংবা মালিক শ্রমিক কোনও প্রকার চাঁদা আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার জানান, রংপুরের সব হাটে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, গরু ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, জাল টাকা প্রতিরোধে মেশিন স্থাপন ও ব্যবসায়ীদের টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।  
কোরবানির চামড়া পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, চামড়া কোনও অবস্থাতেই সীমান্ত অভিমুখী হতে দেয়া হবে না। চামড়ার গাড়ি ঢাকা অভিমুখী করার জন্য পুলিশি টহলসহ সব ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি রংপুর নগরীর সব শপিং মলসহ বড় মার্কেটে রবিবারের মধ্যে নিজেদের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য সবাইকে অনুরোধ জানান।

সভায় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও ফারুকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ রংপুর নগরীর সব শপিং মল ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/এইচকে/

পড়ুন: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আব্দুর রহিম আর নেই