হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

সীমান্ত দিয়ে নারী-শিশু পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের গোলঘরে ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবি-বিএসএফের বৈঠকএর আগে বিজিবির আমন্ত্রণে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১১ সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছালে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিজিবি হিলি ক্যাম্পের বৈঠকে যোগ দেন। রাত ৭টায় বৈঠক শেষে তারা একই পথ দিয়ে ফের ভারতে যান।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে উপস্থিত ছিলেন জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একলিম আবেদিন, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এডি আবু সাঈদ মৃধা, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মীর মাসরুল।

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পক্ষে উপস্থিত ছিলেন, ভারতের ১৯৯-পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আলকেছ সিনহা, ৭৫-পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এস কে শ্রীবাস্তব, বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এনামুল হক, জামিল বাসার।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে নারী শিশু পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ যেন একত্রে মিলিতভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্তের আরও যে বিষয়গুলো রয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

/এমও/