‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানের মাধ্যমে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন করতে কুড়িগ্রামের চিলমারীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে উপস্থিত সুধী সমাবেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী।
এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো।
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার ২শ’ ৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে চিলমারীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোড়ন। অপেক্ষায় রয়েছে চিলমারীসহ গোটা কুড়িগ্রামের মানুষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলী জানান, ‘আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর চিলমারী আসছেন। তার এ কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন বিধায় এক বছরে এ নিয়ে দ্বিতীয়বার তিনি কুড়িগ্রামে সফরে আসছেন।’
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন জানান, ‘প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
/এমএনএইচ/