ডিমলায় ভ্যান উল্টে ৩ বছরের শিশুর মৃত্যু

নীলফামারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে অনামিকা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চারঘরি চাপানি গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেনের মেয়ে।
শুক্রবার ব্কিালে জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। ডিমলা থানার এসআই  শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভ্যান চালক আনোয়ার তার বাড়ির সামনে ভ্যান রেখে বাড়িতে কাজ করছিল। এ সময় আনোয়ারের ছেলে আশিক (৭) তার ছোট বোন অনামিকাকে ভ্যানে বসিয়ে ভ্যানের ব্যাটারির চালু করে। ভ্যানটি দ্রুত বেগে সামনে রাস্তায় গিয়ে উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে অনামিকা।
তাকে উদ্বার করে প্রথমে ডিমলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসআই শাহাবুদ্দিন জানান, পরিবারের লোকজনের আবেদনের ভিত্তিতে শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এনএস/