জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নীলফামারীনীলফামারীর জলঢাকায় জমি নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনায় আহত বেলাল সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় রবিবার রাতে নিহতের স্ত্রী রাশেদা আখতার বাদী হয়ে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের আরিফ হোসেন (২২), মোজাম্মেল হোসেন (৬৫) ও মহিবুল্লাহ (২২)।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন বেলালের সঙ্গে চাচা মোজাম্মেল হোসেন, চাচাতো ভাই আরিফ হোসেন ও মহিবুল্লার বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে বেলালের ওপর হামলা চালায় তার চাচা ও চাচাতো ভাইয়েরা। উপস্থিত লোকজন এগিয়ে এসে বেলালকে আহত অবস্থায় উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকালে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বেলাল।

বেলালের স্ত্রী রাশেদা জানান, সকালে বাড়ি থেকে গরু নিয়ে বের হওয়ার সময় বাড়ির অদূরে পথ রোধ করে তারা তার স্বামীর ওপর হামলা চালায়। এসময় তিনি এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
জলঢাকা থানার ওসি (তদন্ত) মফিজ শেখ বলেন, মামলা দায়েরের পর রবিবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/