চাহিদার চেয়ে চালের বরাদ্দ কম নীলফামারীর পূজা মণ্ডপে

নীলফামারীর পূজা মণ্ডপদুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নীলফামারীর মণ্ডপগুলোয় চাহিদার তুলনায় কম চাল বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। পূজা কমিটি সূত্রে জানা যায়, এ বছর জেলার ৮৩৬টি পূজা মণ্ডপের জন্য ৪১৬ টন চাল বিশেষ বরাদ্দ দেওয়া হয়। তবে গত বছরের চেয়ে এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেশি হওয়ায় এ বরাদ্দকে  কম বলে মনে করছেন তারা।

জানা যায়,দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া চাল বিক্রি করে প্রতিমা তৈরি ও  মণ্ডপের অন্যান্য খরচের টাকার ব্যবস্থা করা হয়।   

জেলা ত্রাণ কর্মকর্তা তাজুল ইসলাম বলেন,‘আমরা বরাদ্দ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করেছি। তবে এখন পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি মন্ত্রণালয় থেকে। আশা করছি বরাদ্দ বেশি হলে প্রতিটি উপজেলায় সমানহারে চাল বণ্টন করা হবে।’

সীমিত বরাদ্দের কথা স্বীকার করে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন, ‘এবছর জেলায় তুলনামূলকভাবে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই বরাদ্দের পরিমাণ বাড়ানো হলে পূজা মণ্ডপগুলো আরও মুখরিত হয়ে উঠবে।’

নীলফামারী মিলন পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপের পুরোহিত মিন্টু কুমার ভট্টাচার্য বলেন, ‘সরকারি অনুদান আর ভক্তদের আর্থিক সাহায্যে মা দুর্গার প্রশাধন সামগ্রী কেনা হয়। এতে একেকটি মন্দিরে খরচ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর  এই খরচ চালানো আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। এই খরচ সরকারি অনুদান ছাড়া বহন করা সম্ভব না।’

একই মন্দিরের সভাপতি নব কুমার দাস বলেন, ‘এটি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সরকারি অনুদান পেলে পূজা মণ্ডপগুলো আরও জাকজমকপূর্ণ ও উৎসবমুখর হয়ে ওঠে।’

আরও পড়ুন- 

‘আম্মাকে তো আমার সামনে মারার চেষ্টা করেছো’

কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

/এমডিপি/এফএস/