হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত-মহড়া





হিলি সীমান্ত (ফাইল ফটো)বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, ভাতৃত্ববোধ বজায় রেখে বিরাজমান সুসম্পর্ক আরও বৃদ্ধি ও সীমান্ত ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে দিনাজপুরের হিলি সীমান্তে আজ মঙ্গলবার থেকে দু-দিনব্যাপী দু’বাহিনীর সমন্বয়ে হিলি এক্সপ্রেস নামে যৌথ সীমান্ত মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি এক্সপ্রেস নামে যৌথ সীমান্ত মহড়ার উদ্ধোধন করেন বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন ও ভারতীয় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরাল। এর আগে বিজিবি ও বিএসএফ কর্মকতারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দু’বাহিনী নিজ নিজ দেশে যৌথ সীমান্ত মহড়ার বিষয় নিয়ে পৃথক প্রেস ব্রিফিং করেন।
দু’দিনব্যাপী হিলি এক্সপ্রেস নামে যৌথ সীমান্ত মহড়ার আজ প্রথমদিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের বাংলাদেশ অংশে ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অংশে থেকে দু’বাহিনী যৌথভাবে ভারত বাংলাদেশের মাঝে চলাচলরত পাসপোটধারী যাত্রী ও তাদের ব্যাগেজ তল্লাশি করেন, পরে আমদানি রফতানিকৃত পন্যবাহী ট্রাকে তল্লাশি পরিচালনা করেন, এর পরে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দু’বাহিনীর মাঝে পতাকা বৈঠক করেন এবং সীমান্তের সীমানা পিলারগুলো যৌথভাবে চেকিং করেন এর মধ্য দিয়ে প্রথম দিনের যৌথ সীমান্ত মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজিবির প্রেস ব্রিফিংয়ে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন জানান, আজ বিজিবি ও বিএসএফের অংশগ্রহণে হিলি সীমান্তে যৌথ মহড়ার অনুষ্ঠিত হচ্ছে যা আগামীকালও অনুষ্ঠিত হবে। এতে করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সীমান্ত ব্যাবস্থাপনাসহ যৌথ আভিধানিক দক্ষতা আরও অধিক কার্যকর হবে। এছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধকল্পে হিলি এক্সপ্রেস নামে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, এর আগে সুন্দরবন অংশের পানি পথে বিজিবি ও বিএসএফ একই ধরনের যৌথ মহড়া করেছে। তবে আজকের যৌথ সীমান্ত মহড়াটি স্থলপথের প্রথম সীমান্ত মহড়া যা হিলি সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে।
বিএসফের প্রেস ব্রিফিংয়ে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরাল জানান, হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে করে হিলি সীমান্ত দিয়ে নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের নানাবিধ সমস্যা সমন্বিত ভাবে সমাধানের লক্ষ্যে দুবাহিনীর মধ্যে সৌহাদ্য সম্প্রতি ও আন্তরিকতা বাড়ানোর জন্য এ মহড়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
বিজিবি ও বিএসএফের যৌথ মহড়ায় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি রিজোন কমান্ডার কর্নেল জুলফিকার, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একলিন আবেদিন,দিনাজপুর সেক্টরের জিটু মেজর রবি, ভারতের বিএসএফের পক্ষে ছিলেন ১৯৯ ও ১৮৩ পতিরাম ব্যালিয়নের অধিনায়ক আলকেশ সিনহা ও টিএনএস রেড্ডি।
যৌথ সীমান্ত মহড়ার প্রথম দিনের কর্মকাণ্ড শেষে দুপুর একটায় বিএসএফের প্রতিনিধি দলটি একই পথ দিয়ে ভারতে চলে যান।
/ এইচকে/আপ-এআর/