ব্রহ্মপুত্রের পানি এক তরফা প্রত্যাহারের প্রতিবাদ

বাসদের ঢাকা-কুড়িগ্রাম রোড মার্চ এখন গাইবান্ধায়

Basod, Dhaka-Kurigram Road Marc Pic of Gaibandhaআন্তঃনদী প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাকর্সবাদী)র উদ্যোগে ঢাকা-কুড়িগ্রাম রোড মার্চ সোমবার বিকালে গাইবান্ধা শহরে পৌঁছেছে।  সেখানে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে তারা জনসভা করে।

আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক শুধাংশু চক্রবর্ত্তী, মানস নন্দী, ওবায়েদুল্লাহ মুসা, মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ-ভারতের ওপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীর পানি আন্তঃর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘন করে ভারত এক তরফা প্রত্যাহার করে নিচ্ছে। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ায় গোটা রাজশাহী অঞ্চল মরুকরণের দিকে যাচ্ছে। তিস্তার উজানে গজল ডোবায় বাঁধ দেওয়ায় তিস্তা নদী শুকিয়ে গেছে। অচল হয়ে পড়েছে তিস্তা সেচ প্রকল্প।  লাখ লাখ চাষি চরম ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে দেশের প্রায় ৭০ ভাগ পানি আসে ব্রহ্মপুত্র নদ দিয়ে। ব্রহ্মপুত্রের সেই পানি ভারতের শাসক গোষ্ঠী আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বর্তমান মহাজোট সরকারের ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তা সম্ভব হচ্ছে। বক্তারা ভারতের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

জেলা বাসদের আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ জানান, ঢাকা-কুড়িগ্রাম রোড মার্চে অংশগ্রহণকারীরা মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ হয়ে রংপুর অভিমুখে রওনা হবে।

উল্লেখ্য, রবিবার  ঢাকা থেকে রোড মার্চটি রওনা হয়।  আগামী ৫ অক্টোবর তাদের কুড়িগ্রামে সভাবেশ করার কথা রয়েছে।  

/বিটি/