প্রস্তুতি শেষ, আগামীকাল কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলে ইউপি নির্বাচন

Kurigram Sitmohol UP Election photo 30.10.16কুড়িগ্রামের ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী উপজেলার বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভোট। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিতে শুরু করেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, ব্যালট পেপারসহ নির্বাচন কাজের প্রয়োজনীয় জিনিসপত্র সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রীসহ অবস্থান নিয়েছেন। 

ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া লাগোয়া ফুলবাড়ী, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়ন এবং ভুরুঙ্গামারীর ১০টি বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট পাথরডুবি, শিলকুড়ি ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এই দুই উপজেলার ৬ ইউনিয়নে ১ লাখ ৩৪ হাজার ৮৪৯ ভোটারের মধ্যে ১২টি বিলুপ্ত ছিটমহলগুলোর ২ হাজার ৯৯২ জন ভোটার বাংলাদেশি নাগরিক হিসেবে এবারই প্রথম ভোট দিতে পারবেন। ছয় ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ফুলবাড়ী সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মইনুল হক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ভুরুঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫, সংরক্ষিত সদস্য পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩। মোট ভোট কেন্দ্র ৩৮টি।

ফুলবাড়ী উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য পদে ৫১ এবং সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিন ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৪২৬ জন। মোট ভোট কেন্দ্র ৪৬টি।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার তিন ইউনিয়নে মোট ৪৬টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ পুলিশসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ সব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা কেন্দ্রগুলোর আশপাশে টহল দিবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন এবং নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সাধারণ সদস্য পদে ও বামনডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে উল্লেখিত পদে সমভোট হওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

 আরও পড়ুন:
‘বাড়ি থেইক্যা ধইরা পুলিশ বলছে কটেজ থেইক্যা ধরছে’

/বিটি/