পুলিশ কর্মকর্তার ওপর হামলা মামলা: মোটরশ্রমিক নেতা আশরাফুলসহ গ্রেফতার ৮





গ্রেফতারের প্রতীকী ছবিরংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের এসআই রায়হানের ওপর হামলার ঘটনায় জেলা মোটরশ্রমিক ইউনিয়ন নেতা আশরাফুল ইসলামসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ৮ জন হলো আশরাফুল ইসলাম , মিথুন মিয়া, আলমগীর হোসেন, আমিনুর রহমান , রানা , এরশাদ আলী , মানিক ও কামরুজ্জামান মিলন।
পুলিশ জানায়, সোমবার রাত ১২ টার দিকে রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে মাছের আড়তে মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহিনের ওপর হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে গুরতর আহত করে। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই রায়হান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোটরশ্রমিক নেতা মজিদের নেতৃত্বে রায়হানের ওপর হামলা চালায়। তাকে আহত অবস্থায় রংপুর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর রাত আড়াইটার দিকে পুলিশ নগরীর মাহিগঞ্জ তাজহাট এলাকায় শ্রমিক নেতা মজিদের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তার ভাগ্নে মোটরশ্রমিক নেতা আশরাফুল ইসলামসহ ৮ জনকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় ছোরা-রাম দা, লাঠিসহ বিপুল পরিমাণ অস্ত্র। শ্রমিক নেতা মজিদের বাসা থেকে ২৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম মঙ্গলবার দুপুর ১ টায় কোতোয়ালী থানায় প্রেস ব্রিফিং করে জানান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’

/এমএনএইচ/