কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল সীমান্তে এক বাংলাদেশির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পার হয়ে তারা হামলা চালায়। এসময় তারা এক রাউন্ড গুলিও নিক্ষেপ করে।
এ নিয়ে উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের বিজিবিও-বিএসএফ সদস্যরা টহল জোরদার রেখেছে। তবে এ নিয়ে একটি পতাকা বৈঠকের খবর পাওয়া গেলেও বিজিবির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
বাড়ির মালিক আকবর আলী জানান, রবিবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ গভীর রাতে বাড়িতে হামলা চালায় বিএসএফ। পড়ে ঘুম ভেঙে গেলে ঘর থেকে শুনতে পাই বিএসএফ সদস্যরা হিন্দিতে গালি দিচ্ছে আর ঘরের দরজা জানালাসহ টিনের বেড়ায় লাঠি দিয়ে আঘাত করছে। তখন ঘরের দরজা খুলে ঘর থেকে বাইরে এলে বিএসএফ সদস্যরা হিন্দিতে গালিগালাজ করে চলে যায়।
তিনি আরও বলেন, ‘তিনজন বিএসএফ সদস্য আমার বাড়িতে হামলা চালায়। এর মধ্যে আমি দু’জন বিএসএফ জওয়ানের নাম জানি, একজন বিক্রম অন্যজন বিজয়।’
কুড়িগ্রাম ৪৫ বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার কমল কান্তি রায় জানান, কোনও কারণ ছাড়াই বিএসএফ গভীর রাতে বাংলাদেশি আকবর আলীর বাড়িতে হামলা চালিয়েছে। খবর পেয়ে হামলার শিকার হওয়া বাড়িটি পরিদর্শন করেছি এবং আমরা চিঠির মাধ্যমে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছি।
তবে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন ট্রিবিউনকে জানান, শনিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্তে মাদক চোরাচালান করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করে এবং একপর্যায়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আকবর আলীর বাড়িতে হামলা চালায়। সীমান্ত পার হয়ে বিএসএফ সদস্যদের বাংলাদেশে প্রবেশ করায় আমরা বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়েছি।
/এমও/