‘তিস্তা নদীর পানি সমস্যা দ্রুতই সমাধান হচ্ছে’

তিস্তা নদীর পানি সমস্যা দ্রুতই সমাধান হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘দু’দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে, আশা করা যাচ্ছে শিগগিরই সমস্যার সমাধান হবে।’ রবিবার রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।RANGPUR INDIAN HIGH COMMISSIONER PHOTO

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘রংপুর হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপুর্ণ শহর। নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ এই চার দেশের মিলনস্থল হচ্ছে এ জেলা। এ মিলনস্থল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে চার দেশের মধ্যে আরও প্রসার লাভ করতে পারে। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত। আমরা এ দেশের সঙ্গে শুধু ব্যবসা-বাণিজ্য নয়, দু’দেশের মধ্যে বিরাজমান সব সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।’

দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে হর্ষবর্ধন বলেন, ‘এ ধরনের প্রশ্ন করা বিব্রতকর। আর এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক নয়।’

এর আগে ভারতীয় হাইকমিশনার রামকৃষ্ণ আশ্রমে পৌঁছালে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয়। তিনি এ আশ্রমের উন্নয়নের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার টাকার চেক আশ্রমের পুরোহিত স্বামী সত্যানন্দ মহারাজের হাতে হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মৃনাল দেশ পান্ডে , আশ্রমের পুরোহিত সত্যানন্দ মহারাজ রংপুর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাসহ প্রমুখ।

/এআর/