নীলফামারীতে ১০২ গির্জায় পালিত হচ্ছে বড়দিন

নীলফামারীতে ১০২ গির্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। দিনটি পালনে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ডিমলা উপজেলায় ৬টি, ডোমারে ৬টি, জলঢাকায় ১৪টি, কিশোরগঞ্জে ১০টি, সদরে ৬২টি এবং সৈয়দপুর উপজেলায় ৪টি গির্জা রয়েছে।

এসব গির্জায় রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন খ্রিষ্ট ধর্মের অনুসারীরা।

জেলা শহরের ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন চত্ত্বরের নটখানা লুথারান গির্জার অনুসারীরা জানান, দিনটিতে সকালে প্রার্থণা শেষে বড়দিনের কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে অংশ নেবেন অনুসারীরা।

একইভাবে জেলার বিভিন্ন উপজেলায় খ্রিষ্ট ধর্মের অনুসারীরা দিনটি উদযাপনে গ্রহণ করেছে নানা কর্মসূচির। জেলা প্রশাসনের নেতারত শাখার কর্মকর্তা (এনডিসি) ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, উৎসব পালনের লক্ষ্যে সরকারিভাবে ৪২ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলার ১০২ গির্জায়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, ‘অন্যান্য ধর্মীয় উৎসবে যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, ঠিক তেমন বড়দিনের উৎসবেও সব গির্জায় একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ গির্জাগুলোয় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন- 


জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

/এফএস/