উপাচার্যের দুর্নীতি তদন্তে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধি দল

rokea-un

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর-উন-নবীর দুর্নীতির বিষয়ে তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। সোমবার সকাল থেকে প্রতিনিধি দলের সদস্যরা তদন্ত কাজ শুরু করেছেন। মঙ্গলবার তাদের তদন্ত কাজ শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইবরাহিম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটিতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আকতার হোসেনকে প্রধান করা হয়। এতে ইউজিসির যুগ্ম সচিব (প্রশাসন) ড. ফকরুল ইসলামকে সদস্য সচিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজান উদ্দিনকে সদস্য করা হয়েছে।  
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলতি বছরের ৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের কাছে উপাচার্য অধ্যাপক ড. নুর-উন-নবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৯ মাস পর তদন্ত শুরু হচ্ছে।
শিক্ষক সমিতির দেওয়া অভিযোগগুলো হলো, ২০১৩ সালে উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ৪ বছরে প্রায় ৫শ দিনই তিনি ঢাকায় থেকেছেন। এতে প্রশাসনিকসহ সব কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপাচার্য একাই ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের প্রধানসহ ১৩টি পদ অবৈধভাবে দখল করে আছেন। একই সঙ্গে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটকে অকার্যকর করে রাখা, জাল সনদধারী একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে জানাজানি হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদায়ন পদোন্নতির ক্ষেত্রে চরম অনিয়ম, বিশ্ববিদ্যালয়ের জন্য সংবিধি ও প্রবিধি প্রণয়ন না করে নিজের ইচ্ছে মতো বিশ্ববিদ্যালয়কে পরিচালতি করা, বিভিন্ন মামলা দিয়ে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার সুনির্দিষ্ট অভিযোগ করে শিক্ষক সমিতি।
/এমডিপি/এমএনএইচ/