পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

পঞ্চগড়পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এসময় রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়।

রোগীর স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসপাতাল সংলগ্ন ইসলামবাগ এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৫৮) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।রোগীর অবস্থা বিবেচনা করে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই হাসপাতালের একমাত্র হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোশারফ হোসেনকে ফোন করা হয়। এ সময় তিনি হাসপাতালের পাশেই নর্দান ডায়াগনস্টিক সেন্টারে ছিলেন। ফোন পেয়ে তিনি নিজে হাসপাতালে না এসে রোগীকে ওই সেন্টারে নিয়ে আসার পরামর্শ দেন। প্রায় আধা ঘণ্টা পরে জাহাঙ্গীর আলম ঝুনু নামে স্থানীয় এক জনপ্রতিনিধির বিশেষ অনুরোধে তিনি হাসপাতালে আসেন। ততক্ষণে রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করেন।

মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন রিপন জানান,বাবাকে দেখার জন্য ডাক্তারকে বার বার অনুরোধ করা হয়।কিন্তু তিনি সময়মত আসেননি। ফলে বাবা মারা যান। তিনি সময়মতো আসলে হয়ত বাবা বেঁচে যেতেন।

অভিযুক্ত চিকিৎসক মোশাররফ হোসেন ওই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে নিয়ে আসার পরামর্শ দেওয়ার কথা স্বীকার করে জানান, আমি গিয়ে দেখি রোগী মারা গেছেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.পীতাম্বর রায় জানান, নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসককে জরুরি ফোন করা হলে হাসপাতালে চলে আসে।

/এমডিপি/