ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ এবং ‘শেখ হাসিনা হল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন।
এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রংপুর বিভাগের সংসদ সদস্যরা ও শিক্ষা সচিব উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পাদদেশে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখা-পড়া করে মানুষের মতো মানুষ হবে। আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তবে জঙ্গিবাদ থেকে মুক্ত থাকতে হবে। কারণ জঙ্গিবাদ ও সন্ত্রাস মানুষের শান্তি নষ্ট করে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।’
তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই। মানুষ মেরে কেউ বেহেস্তে যাবে না। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দেওয়ার আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জনগোষ্ঠী উপহার দিতে হবে। এজন্য বর্তমান সরকার প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। সব কিছুর শিখরে বাংলাদেশ আজ আন্তর্জাতিক রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’
এদিকে শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই ভবন দুটি উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান-মর্যাদা বৃদ্ধি পাবে।’
শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের প্রশংসা করেন।
উল্লেখ্য, ১০ তলা বিশিষ্ট ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ ভবন নির্মাণে ব্যয় হবে ২৬ কোটি ৮৭ লাখ টাকা। এক হাজার আসন বিশিষ্ট ১০ তলা ‘শেখ হাসিনা হল’ নির্মাণে ব্যয় হবে ৫১ কোটি ৩৫ লাখ টাকা।
এরপর রংপুর জিলা স্কুল মাঠে দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সব স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় মানুষ দুবেলা খেতে পারে আর বিএনপি ক্ষমতায় থাকলে তারা নিজেদের পকেট ভারি করতে ব্যস্ত হয়ে পড়ে।’
তিনি রংপুর অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, ‘আমরা সারা দেশে সুষম উন্নয়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করছি। মত বিনিময় বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এ সময় রংপুর সিটি মেয়র ঝন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এআর/