দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে আবুল কালাম (৪৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। বুধবার সকালে আবুল কালামকে গ্রেফতার করা হয়।
আবুল কালামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সিদাইচর গ্রামে।তিনি মৃত আনছের আলীর ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, আবুল কালামের বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এছাড়া আবুল কালামের নেতৃত্বে ২০১৫ সালের ২৩ আগস্ট ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আনন্দবাড়ী গ্রামে একটি ডাকাতির সময় তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফরহাদ মুন্সি নামে একজন নিহত হন। আবুল কালাম সে হত্যার মামলারও আসামি।
তিনি আরও জানান, দীর্ঘদিন আবুল কালাম পালিয়ে থাকার পর গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। আবুল কালামকে ফুলছড়ি থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
/আরএইচ/এআর/