আমার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: সিইসি

RANGPUR CEC PHOTOশুধু নারায়নগঞ্জ সিটি করপোরেশন নয়, আমার আমলে সবগুলো নির্বাচনই সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এসব নির্বাচনের পরে অনেকেই আমার রুমে এসে আমাকে কনগ্রেচুলেট করে গেছেন।’ বুধবার দুপুরে রংপুরে আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘যদি কেউ নির্বাচন বয়কট করেন, বিরোধীতা করেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো আমরা ঠেকাতে পারব না। আর এসব সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সিইসি বলেন, ‘আমি আশাবাদী আগামীতে এমন একদিন আসবে, যেদিন নির্বাচনে আর আর্ম ফোর্সেস লাগবে না।’

নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার প্রসঙ্গে কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ডিজিটাল যুগে পিছিয়ে থাকার কোন উপায় নেই। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আজ হোক কাল হোক ইভিএম পদ্দতি ব্যবহার আমাদের করতেই হবে। সে জন্য এমন একটা ইভিএম তৈরি করা হচ্ছে, যা দিয়ে ভুয়া ভোটার সনাক্ত করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘এই পদ্ধতিতে একজনের ভোট আর একজন দিতে পারবে না। সকাল ৮ টার আগে সেই মেশিন চালু করা যাবে না। ইতোমধ্যে এই মেশিন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। আশা করি ভবিষতে এই মেশিন ব্যবহার করা সম্ভব হবে।’

এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/