হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

হাবিপ্রবিঅবশেষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে। ২০১৭ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনে ৪৯ জন ভর্তিচ্ছুক অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮-২১ ডিসেম্বর। কিন্তু ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শুন্য হয়ে যাওয়ায় এবং নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করে। অবশেষে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. মু. আবুল কাসেম যোগদান করেন।
/এমও/