ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট চলছে

Thakurgaon Transport Pic 4ঠাকুরগাঁওয়ের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা মোটর মালিক সমিতির আহ্বানে এ ধর্মঘট চলছে।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁওয়ে রাস্তায় ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে এ পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু বলেন, ‘ট্রাক মালিক সমিতির সিদ্ধান্তে আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি।’

এদিকে, ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

উল্লেখ্য, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে চাঁদা আদায় করা হতো, সেই সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিতো। সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বাস টার্মিনালে গাড়ির চাঁদা আদায় বন্ধ করে দেয়।পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। বুধবার সন্ধ্যা ৬টায় মোটর মালিক সমিতি বাস টার্মিনালের সামনে আবার চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

/এমডিপি/