‘পুথিগত বিদ্যা কখনও প্রকৃত মানুষ তৈরি করে না’

Nilphamari Pic 3

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের সন্তানদের প্রকৃত মানুষ তৈরি করতে পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ার সুযোগ করে দিতে হবে। শিক্ষক, অভিভাক প্রকৃত দায়িত্ব পালন করতে না পারলে আমাদের সন্তানরা প্রকৃত মানুষ হতে পারবে না।’

শুক্রবার (৩ ফেব্রয়ারি) বিকালে দিকে নীলফামারী নুতন বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী আয়োজিত মাধ্যমিক শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের সময় স্কুল ছিল আনন্দের জায়গা। শিক্ষকরা শাসন করতেন, আবার আদরও করতেন। আনন্দময় পরিবেশে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে বাড়িতে গিয়ে পড়তাম। আবৃতি, অভিনয় কবিতা লেখার প্রতিযোগিতা ছিল। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই যোগ দিতাম। কিন্তু এখন যান্ত্রিকভাবে লেখাপড়া করানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক ও অভিভাবক মেতে উঠেছেন জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায়। পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার তাদের সময় নেই। একজন শিক্ষার্থীর মানবিক বিকাশ না হলে সে প্রকৃত মানুষ হতে পারে না।’

এর আগে মন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের ১২টি স্টল পরিদর্শন করেন। পরে ৫৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে নুতন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন।

 

/এসটি/