কাদের খাঁনের পিএস’র বাড়ি থেকে অস্ত্র রাখার ট্রাংক উদ্ধার

 

অস্ত্র রাখার ট্রাংক উদ্ধারগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার পরিকল্পনাকারী সাবেক এমপি আবদুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহার বাড়িতে মাটির নিচ থেকে কিলারদের অস্ত্র রাখার একটি ট্রাংক উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রাংকটিকে কোনও অস্ত্র পাওয়া যায়নি।

সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিটন হত্যায় শামছুজ্জোহা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাকে সাতদিন নজরদারির পর নলডাঙ্গা এলাকা থেকে রবিবার ভোর রাতে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর শামছুজ্জোহার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভোর রাতে নিজ বাড়ি কিশামত হলদিয়া গ্রামে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে কিলারদের অস্ত্র রাখার ভান্ডার হিসেবে ট্রাংকটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এমপি লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল ও গুলি দীর্ঘদিন থেকে ট্রাংকটিতে মজুদ রাখা হতো এবং সেখান থেকে গোপনে বের করে নিয়ে কিলারা বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এমপি লিটন হত্যায় ব্যবহৃত তিনটি পিস্তলের মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। অপরটি উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এমপি লিটন হত্যার পর দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে একটি হত্যা মামলা অপরটি অস্ত্র মামলা। মামলা দুটির দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে। তবে হত্যা মিশনের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে এমন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টার পাড়া গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় পরদিন তার বোন বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।

/বিএল/