ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হারুনুর রশিদ মামুন (৩২) নামে জেএমবির আত্মঘাতী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হারুনুর রশিদ মামুন উপজেলার মহেন্দ্রগাঁও আফজাল দীঘি গ্রামের নোমান আলীর ছেলে।
পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র তালিকাভুক্ত আত্মঘাতী দলের সদস্য। এর আগেও তিনি ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। তিনি হরিপুর উপজেলায় জঙ্গি সদস্যদের সক্রিয় করতে বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ জানান, হারুনুর রশিদ স্বীকার করেছেন তিনি জেএমবির আত্মঘাতী দলের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু